বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি ভুট্টাবাহী ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও আটজন।
নিহতরা হলেন—জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে ও মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)। শেরপুর হাইওয়ে পুলিশের ওসি আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। হাইওয়ে পুলিশ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী সাতজন স্বজনকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। ভোরে মাইক্রোবাসটি নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভুলক্রমে মহাসড়কের বিপরীত লেনে উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে ওই কর্মকর্তা জানিয়েছেন।



















