চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৫৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টার অভিযানের এ তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।
তিনি জানান, গ্রেপ্তার ৫৮৭ জনের মধ্যে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছেন ২১৩ জন। মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলায় ১২০ জনকে নিয়মিত মামলায়, পূর্ববর্তী মামলায় ৭৩ জনকে, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৫ জনকে, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজনকে এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পরোয়ানামূলে ১৪০ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, মাদক মামলায় ১৪৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুজন মাদক বহনকারী এবং ১৪৫ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় গ্রেপ্তার হওয়া ৬৬ জন মাদক ব্যবসায়ী। এ সময়ে ৫১টি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ৩২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযানে ৩ হাজার ২৬২ পিস ইয়াবা, ৩০১ লিটার চোলাইমদ, ৫৮ কেজি ৪৯২ গ্রাম গাঁজা, ১৫৬ বোতল বিদেশি মদ, ৩০ ক্যান বিয়ার, ৪৫ বোতল স্কাফ সিরাপ এবং ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।



















