লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর ঘাট এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে বালু মজুদ ও পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নদী ও আশপাশের এলাকা থেকে বালু পরিবহনে ব্যবহৃত পাইপসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযান ও মোবাইল কোর্টে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। জেলা প্রশাসন জানায়, সরকারি জমিতে অবৈধভাবে বালু মজুদ ও পরিবহনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে দুটি মামলায় দুই ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তা আদায় করা হয়েছে। একই সঙ্গে পরিবেশের ক্ষতি না করে সরকারি আইন মেনে কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের সচেতন করা হয়। অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা ভূমি অফিস, পুলিশ, ব্যাটালিয়ন আনসার, বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সদস্যরা। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে সরকারি সম্পত্তি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।


















