মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৈঠক বা অনুষ্ঠানের সময় ঘুমিয়ে পড়া থেকে জাগিয়ে রাখতে এক নারীকে বিশেষভাবে ‘নিয়োগ’ দেওয়া হয়েছে— সম্প্রতি এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
তবে এ দাবির পক্ষে কোনো কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়, গত ১০ আগস্ট ওভাল অফিসে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ট্রাম্পের চোখ বারবার বন্ধ হয়ে আসার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে আলোচনা শুরু হয়। ভিডিওটিতে দেখা যায়, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে থাকা এক নারী কয়েকবার তার পেটের কাছে হাত দিচ্ছেন।
এ দৃশ্যকে কেন্দ্র করে কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী দাবি করেন, ওই নারীর কাছে একটি বিশেষ সতর্ক সংকেত বা ‘বাজার’ রয়েছে। তাদের মতে, ট্রাম্পের চোখ বন্ধ হয়ে এলে তিনি সেটি ব্যবহার করে প্রেসিডেন্টকে জাগিয়ে দিচ্ছেন। এ নিয়ে অনলাইনে নানা রসিকতাও ছড়িয়ে পড়ে। কেউ কেউ ওই নারীকে ‘দ্য জ্যাপার’ নামে আখ্যা দেন।
আবার একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ট্রাম্পকে যেন ‘ল্যাপটপ রিবুট করার মতো’ আবার সচল করা হচ্ছে। তবে এসব দাবি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক জল্পনা ও ব্যঙ্গ-বিদ্রূপের অংশ বলেই মনে করা হচ্ছে। কারণ, ট্রাম্পের পেছনে অবস্থান করা একজন ব্যক্তির পক্ষে তিনি ঘুমিয়ে পড়ছেন কি না তা নিশ্চিতভাবে বোঝা কঠিন। এ ছাড়া তাকে এ ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে—এমন কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্রের বরাতে প্রকাশিত হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে থাকা নারীকে শনাক্ত করা হয়েছে ২৭ বছর বয়সী জেমি লিগ ফ্র্যাঙ্কলিন হিসেবে। তিনি একজন রক্ষণশীল ধারার গণমাধ্যম উদ্যোক্তা ও রাজনৈতিক ভাষ্যকার। ‘দ্য কনজারভেটর’ নামের একটি প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা হিসেবেও তিনি পরিচিত। জেমি লিগ ফ্র্যাঙ্কলিন অতীতে ট্রাম্প প্রশাসনের অধীনেও কাজ করেছেন বলে জানা গেছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘বাজার তত্ত্ব’ নিয়ে তিনি এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
















