চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক ৫০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পরনের কাপড় ছাড়া ঘরের ভেতরের কোনো মূল্যবান মালামালই তারা রক্ষা করতে পারেননি।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে আমিরাবাদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মাইনুল আলম জানান, রাত সোয়া ৯টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ঘরের ভেতর থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ফলে পরিবারগুলোর কাছে পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আহাম্মেদ হুসাইন বলেন, সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, আগুনে পাঁচটি ঘরের সব মালামাল পুড়ে গেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এবং সার্বিক ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তদন্তসাপেক্ষে নির্ধারণ করা সম্ভব হবে।

















