পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ৫নং নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ বিভাজন করে নতুন ‘১৩নং হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন করা হয়েছে। নির্বাচনি প্রচারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে এ উদ্যোগ সম্পন্ন করায় স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে নতুন ইউনিয়নটি গঠিত হয়েছে। ফলে কলাপাড়া উপজেলায় বর্তমানে ইউনিয়ন পরিষদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩। এ ছাড়া উপজেলায় রয়েছে ২টি পৌরসভা ও ২টি থানা। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেন নির্বাচনি প্রচারের সময় নীলগঞ্জবাসীর নতুন একটি ইউনিয়নের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর অল্প সময়ের মধ্যেই তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। পুনর্গঠিত ৫নং নীলগঞ্জ ইউনিয়ন গঠিত হয়েছে নীলগঞ্জ, নবীপুর, কুমিরমারা, টুঙ্গিবাড়িয়া এবং সোনাতলা মৌজার কিছু অংশসহ মোট ২৫টি গ্রাম নিয়ে। অন্যদিকে নতুন ১৩নং হাজীপুর ইউনিয়ন গঠিত হয়েছে উমেদপুর, হাজীপুর ও সোনাতলা মৌজার কিছু অংশসহ ২৪টি গ্রাম নিয়ে। পরিসংখ্যান অনুযায়ী, পুনর্গঠিত নীলগঞ্জ ইউনিয়নের জনসংখ্যা ২১ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৭৪৪ এবং নারী ১১ হাজার ২৩৬ জন। নতুন হাজীপুর ইউনিয়নের জনসংখ্যা ২০ হাজার ৬০০ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৬৯ এবং নারী ১০ হাজার ৫৩১ জন। নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেন বলেন, ‘সংসদ নির্বাচনের সময় নীলগঞ্জবাসীর অন্যতম দাবি ছিল নতুন একটি ইউনিয়ন গঠন। আমাদের নেতা এবিএম মোশাররফ হোসেন এমপি নির্বাচিত হওয়ার পর অল্প সময়ের মধ্যেই সেই দাবি বাস্তবায়ন করেছেন।’ সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেন বলেন, জনগণের দেওয়া ভোটের মর্যাদা রাখতে আমি নির্বাচনি প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করছি। নীলগঞ্জ ইউনিয়ন বিভাজনের কাজ সম্পন্ন হয়েছে। আগামী রোববার বা সোমবারের মধ্যে এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশ হবে। এ ছাড়া মহিপুরকে উপজেলা হিসেবে ঘোষণার কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রাঙ্গাবালীতে স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন, কলাপাড়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত স্থাপন এবং যুগ্ম জেলা জজ আদালত পটুয়াখালী থেকে কলাপাড়ায় স্থানান্তরের কাজও সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, সড়ক যোগাযোগ উন্নয়নে ৫৫ কোটি টাকা ব্যয়ে ৫০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণের অনুমোদন হয়েছে। এর মধ্যে ৩ দশমিক ৫ কিলোমিটার সড়কের কাজ চলমান। এ ছাড়া ১২টি সেতুর প্রস্তাব পাঠানো হয়েছে, যার মধ্যে দুটি অনুমোদন পেয়েছে এবং বড় পাঁচটি সেতুর নকশা প্রণয়নের কাজ চলছে। একই সঙ্গে বি-সেফ প্রকল্পের আওতায় প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে দুটি নতুন সাইক্লোন শেল্টার নির্মাণ, সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের অনুমোদন প্রক্রিয়াধীন।
3:04 pm, Saturday, 1 August 2026
শিরোনাম :
নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ করলেন এমপি মোশাররফ
-
MIT ERP
- Update Time : 01:06:05 pm, Saturday, 1 August 2026
- 6
Tag :
Popular Post
























