কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সংবিধান সংশোধন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, পতিত, পরাজিত, নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা বাংলাদেশের দুই-এক জায়গায় দু-একটি পেট্রোল বোমা মেরে, দু-একটি থানা পুড়িয়ে দিয়ে মনে করেছে অরাজকতা তৈরি করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং শহীদ আবু সাঈদের মতো যাঁরা শহীদ হয়েছেন, তাদের আত্মাকে বিসর্জন দিয়ে নতুন করে একটা কিছু করবে। এগুলো করে কোনো লাভ হবে না।
বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল, গণতন্ত্রের প্রতি আস্থাশীল উল্লেখ করে মীর শাহে আলম বলন, ‘কিছু বিষয় মানবিক দৃষ্টিকোণ থেকে, আগের সরকারের মতো গুম–হত্যা–গুলি চালিয়ে আমরা নির্মূল করতে চাই না। এই কারণে যা কিছু হয়েছে আমরা ধৈর্য সহকারে মোকাবেলা করেছি। একটি জেলার মানুষ যদি মনে করে, তাদের ওখানে থানার প্রয়োজন নাই—সরকার ওখানে থানা রাখবে না। একটা জেলার মানুষ যদি মনে করে সরকারি অফিস-আদালত এবং উন্নয়ন ওই জেলায় প্রয়োজন নাই—বর্তমান সরকার সেখানে সেটা করবে না। এটা জনগণের উপর নির্ভর করবে যে জনগণ কী চাচ্ছে। সারা বাংলাদেশের জনগণের কাছে এটা প্রমাণিত হয়েছে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল।’
প্রতিমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকার তাদেরকে (আওয়ামী লীগ) যে নিষিদ্ধ করেছে, এই নিষিদ্ধ করাটা যে সঠিক আছে, যৌক্তিক আছে, আজকে জাতির সামনে এটি প্রমাণিত হয়েছে। তিনি বলেন, ‘নতুন করে ভাববার সময় এসেছে—সংবিধান যেটি সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করে প্রয়োজনে… সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটা করবে, ইনশাআল্লাহ।’





















