সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় অর্থদাতাদের শনাক্তে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে দেড়শতাধিক অর্থদাতার তালিকা প্রস্তুত করা হয়েছে। সে অনুযায়ী গ্রেপ্তার অভিযান শুরু করা হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। নাশকতায় অর্থায়নে জড়িত অন্যদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে। ঢাকায় ২০ দিনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তদন্তসংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক নেতাকর্মীরা সরাসরি মাঠে না নেমে নিম্ন আয়ের মানুষ, রিকশাচালক, ভাসমান ব্যক্তি বা টোকাই, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের ৫০০ থেকে ২০০০ টাকা বা তার বেশি টাকার বিনিময়ে ভাড়া করে নাশকতা চালাচ্ছে। কখনো নিজেরাই সম্পৃক্ত থেকে এসব নাশকতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। নাশকতাকারীরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও পুলিশি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশের বিমানবন্দরগুলো, শিল্পাঞ্চল এলাকা এবং গুরুত্বপূর্ণ মহাসড়কে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের টহল, যানবাহন তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রাজধানী ঢাকায় প্রবেশ এবং বাইরেসহ গুরুত্বপূর্ণ তিনশতাধিক স্পটে চেকপোস্ট বসানো হয়েছে। ঢাকার বাইরে বিভাগ ও জেলা শহরে চেকপোস্ট বসানো হয়েছে। এসব স্পটে যানবাহন ও ব্যক্তিকে তল্লাশি করা হচ্ছে। কারও কাছে নাশকতার সরঞ্জাম পেলেই গ্রেপ্তার করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের এক পরিসংখ্যান বলছে, ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারা দেশে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের স্থাপনা ও যানবাহনও হামলার শিকার হয়েছে। সারা দেশে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় মোট ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক পরিসংখ্যান বলছে, ১ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিকারী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরাধ বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে গণপরিবহনে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসাবাড়িতে আগুন এবং পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলা ও আগুনের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি নাশকতার পরিকল্পনা, সংগঠক ও অর্থায়নের উৎস খুঁজে বের করা জরুরি। কারা-কীভাবে নাশকতাকারীদের অর্থের জোগান দিচ্ছে তা চিহ্নিত করতে হবে। তাদের গ্রেপ্তার করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এর ব্যত্যয় হলে দেশে বিশৃঙ্খলা আরও বেড়ে যাবে। আর তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, রাজধানীতে নাশকতাকারীদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে। এর পাশাপাশি নাশকতায় অর্থের জোগানদাতাদের শনাক্তে কাজ চলছে। নাশকতায় অর্থদাতা হিসেবে যারই সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, তাকেই গ্রেপ্তার করা হচ্ছে। নাশকতায় সম্পৃক্তদের ধরতে চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি, টহল বৃদ্ধি, বাসাবাড়িতে অভিযান পরিচালনা করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ধরতে চালানো হচ্ছে যৌথ অভিযানও। গতকালও স্পেশাল রেন্সপন্স ইউনিট ও ডিএমপি যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ইফাত বিন আল দিহানী প্রিয়মসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুন মুনিরা বলেন, নাশকতায় জড়িত ব্যক্তি, পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের অবস্থান, যোগাযোগ ও অর্থায়নের উৎস খতিয়ে দেখা হচ্ছে। নাশকতায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, চলমান নাশকতা কিংবা সহিংসতা সৃষ্টির ক্ষেত্রে যারা অর্থায়ন করছে ও পরিচালনায় পৃষ্ঠপোষকতা জোগাচ্ছে এদের শনাক্ত করা প্রয়োজন। চলমান নাশকতার মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠ তৈরি হচ্ছে। সাধারণ মানুষ আতঙ্কে আছে। নাশকতা সৃষ্টিতে অর্থের জোগানদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন। বাংলাদেশে নাশকতার পেছনে অর্থায়নকারীরা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে। নাশকতার অর্থ জোগানদাতারা আইনের মুখোমুখি হওয়া থেকে পার পেয়ে গেলে নাশকতা কিংবা সহিংসতার ভয়াবহতা বেড়ে যেতে পারে।





















