টাকার অংকে ১০ কিংবা ২০ টাকা সামান্য হলেও প্রতিদিনের লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এ নোটগুলো। বাজারে এসব নোটের বড় অংশই ছেঁড়াফাটা, ময়লাযুক্ত ও জরাজীর্ণ। ফলে চায়ের দোকান থেকে শুরু করে সব ধরনের লেনদেনে তৈরি হচ্ছে ভোগান্তি।
পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপানোর কাজ করলেও সহজেই সমস্যা দূর হচ্ছে না। তবে বিশ্লেষকরা বলছেন, সমস্যা সমাধানে দ্রুত ও কার্যক্রর পদক্ষেপ নিতে হবে।
প্রায় প্রতিদিন অসংখ্য ক্রেতার কাছ থেকে ছেঁড়াফাটা, জরাজীর্ণ টাকা নিতে হয় তেজগাঁওয়ের চা-দোকানদার ওয়াহিদের। সেই নোট অন্য কারও কাছে চালাতে গিয়েও পড়তে হয় বিড়ম্বনায়।
শুধু চায়ের দোকান নয়, গণপরিবহন, রিকশা, সিএনজিতেও একই সমস্যা। দেশে দুই থেকে এক হাজার টাকার নয়টি নোট ব্যবহার হলেও, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ছোট নোট গুলো। ফলে প্রতিদিন কেনাকাটা ও লেনদেনে ভোগান্তিতে পড়ছেন জনগণ।
এসব ছেঁড়াফাটা নোট বদলানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকলেও অনেক ব্যাংক থেকে কাঙ্ক্ষিত সেবা মিলছে না বলে অভিযোগ গ্রাহকদের।
বাংলাদেশ ব্যাংক বলছে, আর্ন্তজাতিক প্রতিষ্ঠানগুলো থেকে কাগজ, কালি ও নিরাপত্তা সরঞ্জাম সময় মতো না পাওয়ায়, তারা বাধ্য হচ্ছেন অযোগ্য নোট বাজারে ছাড়তে। জনগণের ভোগান্তি কমাতে দ্রুত নতুন নোট ছাপানোর পরামর্শ বিশ্লেষকদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান ড. শহীদুল জাহিদ বলেন, জনগণকে তুলনামূলক সহজ পরিবেশ দিতে হবে, যেন তারা ডিজিটাল পদ্ধতিতে লেনদেনে উৎসাহিত হয়। এটা যতদিন না হচ্ছে, ততদিন সৌন্দর্যপূর্ণ নোট রাখা উচিত বাংলাদেশ ব্যাংকের।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, যারা সাপ্লাই দেয় তারা যদি যথাসময়ে সাপ্লাই দিতে না পারে, আমাদের ধৈর্য ধরতে হবে। এই মুহূর্তে কাগজের সংকটের কারণে ২০ টাকা বা আরও কিছু নতুন নোট আমাদের কাছে নেই।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং বিনিময়ের নির্দেশনা না মানলে, সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





















