রাজধানীর মিরপুরের পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) ভোর ও রাতে পৃথক এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে তিনটি বাসেরই বিভিন্ন অংশ পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শাহ আলী থানার চিড়িয়াখানা রোডে জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করা চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
আগুনে বাসটির পেছনের দিকের ১৪ থেকে ১৬টি আসন, আসনের কাভার, জানালার কাচ, পেছনের গ্লাস ও গাড়ির বডির কিছু অংশ পুড়ে যায়। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই থেকে তিন লাখ টাকা। শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রিপন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রাত আনুমানিক ১টার দিকে চিড়িয়াখানার পাশে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
খবর পাওয়ার পর পুলিশের একাধিক দল ঘটনাস্থলে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। বাসটি চিড়িয়াখানা সিটি পরিবহণের বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, একই দিন সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানার মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে সড়কের পাশে পার্কিং করে রাখা আরও দুটি বাসে আগুন দেওয়া হয়। বাস দুটি হলো বিকল্প পরিবহণ ও অভিজাত পরিবহণের। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বিকল্প পরিবহণের বাসটির সব আসন, জানালার কাচ ও বডি পুড়ে যায়। এতে বাসটির আনুমানিক আট থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অন্য বাস অভিজাত পরিবহণের পেছনের দুটি জানালার কাচ, কয়েকটি আসন ও আসনের কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসে অগ্নিসংযোগ করছে বলে ধারণা করা হচ্ছে।
এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





















