ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট বিদায়ি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নেওয়া বেশ কয়েকটি নীতি ও আইন পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দেশটির নতুন পার্লামেন্ট নেসেটের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ পরিকল্পনার কথা জানান।
সাবেক সেনাপ্রধান আইজেনকোটের হাতে নতুন সরকার গঠনের জন্য ছয় সপ্তাহ সময় রয়েছে। তিনি সরকার গঠনে সফল হলে ইসরাইলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শাসনের অবসান ঘটবে। নেসেটে নেতানিয়াহুবিরোধী দলগুলোর সংখ্যাগরিষ্ঠতা থাকায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই আইন প্রণয়নের উদ্যোগ নিতে পারবে বিরোধী জোট। এরই মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনার প্রস্তুতি শুরু করেছে তারা।
প্রস্তাবিত উদ্যোগের মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে একটি রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের মেয়াদ নির্দিষ্ট করা এবং বিচার বিভাগের ক্ষমতা সীমিত করতে নেতানিয়াহু সরকারের নেওয়া সংস্কারগুলো বাতিল করা। এ ছাড়া বর্তমান পার্লামেন্ট স্পিকার আমির ওহানাকে সরিয়ে নতুন স্পিকার নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছে নেতানিয়াহুবিরোধী জোট।
এ পদে আইজেনকোটের দল ইয়াশারের জ্যেষ্ঠ নেতা মাতান কাহানাকে মনোনয়ন দেওয়া হয়েছে। পার্লামেন্টে কোন বিল আলোচনার জন্য উত্থাপন করা হবে, তা নির্ধারণে স্পিকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই স্পিকার পদে নিজেদের পছন্দের ব্যক্তিকে বসাতে পারলে আইন প্রণয়নের পরিকল্পনা বাস্তবায়নে বিরোধী জোটের জন্য পথ সহজ হবে। অন্যদিকে, সরকার গঠনের ক্ষেত্রে আরব রাজনৈতিক দলগুলোর সমর্থন নেওয়ার সম্ভাবনাও নাকচ করেননি আইজেনকোট।
তবে এ বিষয়ে তিনি দুটি শর্তের কথা জানিয়েছেন। সেগুলো হলো, সংশ্লিষ্ট দলগুলোকে ইসরাইলের ইহুদি রাষ্ট্রীয় পরিচয় মেনে নিতে হবে এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে হবে। এদিকে আরব রাজনীতিকদের সঙ্গে জোট গঠনের সম্ভাবনার বিরোধিতা করেছেন নেতানিয়াহু। তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নেতানিয়াহুর এমন বক্তব্যকে বিভেদ সৃষ্টিকারী ও বিদ্বেষপূর্ণ বলে সমালোচনা করেছেন আইজেনকোট।
তার মতে, নেতানিয়াহুর আর এক মুহূর্তও ক্ষমতায় থাকা উচিত নয়। এ ঘটনার পর নেতানিয়াহুর দল লিকুদের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকও বাতিল করেন তিনি। নেসেটের নতুন সদস্যরা শপথ নিলেও আপাতত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু। নতুন সরকার গঠন ও দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।






















