মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, বাসস্ট্যান্ড, গোলড়া স্ট্যান্ড, সাটুরিয়ার নয়াডিঙ্গী এবং জেলা বিএনপি কার্যালয় ও জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় সংলগ্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত কয়েক দফায় এসব বিস্ফোরণের ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটা থেকে রাত নয়টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে সাতটার দিকে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে রাত পৌনে আটটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে আটটার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় দুটি এবং গোলড়া স্ট্যান্ডে একটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি এবং রাত নয়টার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকাতেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, কয়েকটি স্থানে মোটরসাইকেলে আসা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলগুলোতে পৌঁছায়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও বিভিন্ন স্থানে জড়ো হন। পরে নিরাপত্তার স্বার্থে সন্দেহভাজন দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সরেজমিনে দেখা যায়, ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় তারা ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে স্থানীয়দের ধারণা, আগামী ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে এসব বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর দলীয় প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আগামী ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।






















