ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরের টেস্টে হারের পর সিলেট টেস্টে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছে বাংলাদেশ। কিন্তু সেই মিশনের শুরুটা খুব একটা ভালো হয়নি। টেস্টের দ্বিতীয় দিনে আজ শুক্রবার ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছেন সাদমান ইসলাম। সেই চোটের পর এমআরআই ও শারীরিক অবস্থা পরীক্ষা করতে হাসপাতালে নেওয়া হয়েছে বাঁহাতি ওপেনারকে।
আজ সকালের সেশনে দিনের অষ্টম ওভারেই চোট পান সাদমান। আমির জাঙ্গুর ফাইন লেগে ঠেলে দেওয়া বলটি ধরতে দৌড়েছিলেন সাদমান। কিন্তু বলটি ধরার সময় পা পিছলে যায় তাঁর। এতে বাঁ পায়ের গোড়ালিতে চোট লাগে সাদমানের। এ সময় ব্যথায় কাতরাতে থাকেন তিনি। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া সাদমানকে। এরপর হুইল চেয়ারে ঠেলে নিয়ে যাওয়া হয় বাঁহাতি ওপেনারকে।
বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সাদমান। সিলেট টেস্টে সাদমানের খেলা হবে কিনা, সেটা অনিশ্চিত হয়ে পড়েছে।
সাদমানের চোট প্রসঙ্গে বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম বলেছেন, ‘সাদমানের বাঁ পায়ের অ্যাঙ্কেল মচকে গেছে। এখন পর্যবেক্ষণে আছে। আমরা তাকে এমআরআই স্ক্যানিং করতে পাঠাব।’
তবে দলীয় সূত্রে জানা গেছে, সাদমানের চোটের যে অবস্থা, তাতে সিলেট টেস্টে ফেরার সম্ভাবনা খুবই কম।
সাদমান যদি ফিরতে না পারেন, তবে এই টেস্টে তাঁর বদলি হিসেবে অন্য কাউকে খেলানোর সুযোগ পাবে না বাংলাদেশ। কারণ সাদমান চোট পেয়েছেন গোড়ালিতে। শুধু কনকাশন বা মাথায় আঘাতের ক্ষেত্রে বদলি খেলোয়াড় নামানোর নিয়ম রয়েছে। ফলে টেস্টের বাকি সময়ে ব্যাটিংয়ে একজন কম নিয়েই খেলতে হবে বাংলাদেশকে।





















