পুরোনো গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে আবারও রাজধানীর চীন মৈত্রী সিগন্যাল অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সহস্রাধিক শিক্ষার্থী। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকাস্ট্যান্ডের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে তাঁরা চীন মৈত্রী সিগন্যাল এলাকায় অবস্থান নেন।
এ সময় সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। এদিকে, সড়ক অবরোধের পাশাপাশি আজ শেরেবাংলা নগরে অবস্থিত গণপূর্ত কমপ্লেক্সের সামনে কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) শিক্ষক-শিক্ষার্থীদের এক মতবিনিময় সভায় সব পর্যায়ের পরীক্ষা বর্জন এবং বেলা ১১টার পর সব ধরনের ক্লাসে অংশ না নেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সব ব্যাচের আন্দোলনরত শিক্ষার্থীরা একত্র হয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেন। তাঁদের এ ঘোষণার পরিপ্রেক্ষিতে বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে। গত ২৭ অক্টোবর থেকে পুরোনো বাণিজ্য মেলার মাঠ নিজেদের সম্পত্তি দাবি করে তা পুনরুদ্ধার ও বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
ওই দিন মাঠে সচিবালয় নির্মাণের উদ্দেশ্যে চলমান মাটি পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও দুটি গাড়ি জব্দ করে ক্যাম্পাসে নিয়ে আসেন তাঁরা। পরদিন (২৮ অক্টোবর) মেলা বন্ধের আলটিমেটাম দেওয়ার পর মাঠে মেলার জন্য নির্মিত বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। ২৯ অক্টোবর মাঠ পুনরুদ্ধারের দাবিতে চীন মৈত্রী সিগন্যাল অবরোধ করেন শিক্ষার্থীরা।
এর মধ্যে ওই দিনই জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা স্থগিতের ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তবে মাঠের স্থাপনা অপসারণ না করা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দায়েরের প্রতিবাদে গত ২ নভেম্বর আরও কঠোর কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ওই দিন তাঁরা মাঠটি চাষ করে নিজেদের দখলে নেওয়ার ঘোষণা দেন।





















