ফরিদপুরের সদরপুরে নাশকতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজ বেপারী (৫৬) এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বিদ্যুৎ হাওলাদার (৪৭)। মিরাজ বেপারী চরনাছিরপুর ইউনিয়নের কাজীর কান্দি গ্রামের আমিন উদ্দিন বেপারীর ছেলে। অপরদিকে, বিদ্যুৎ হাওলাদার ইব্রাহীম মুন্সী কান্দি গ্রামের মালেক হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তারা বিভিন্ন সময়ে গোপনে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সদরপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. মোখলেসুর রহমান বলেন, গ্রেপ্তার কৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে।
এ ছাড়া তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অপচেষ্টার তথ্য ছিল। এসব তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হবে।





















