শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় অন্তত ২৫টি পোশাক কারখানা মঙ্গলবার (৩ নভেম্বর) এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে কর্মস্থলে যান। এ সময় নাওজোর, ভোগড়া, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও পল্লী বিদ্যুৎসহ কয়েকটি এলাকায় শ্রমিকদের একাংশ ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়।
পরবর্তী সময়ে শ্রমিকদের বিক্ষোভ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকার ২০ থেকে ২৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পুলিশ সুপার আরও জানান, বিভিন্ন এলাকার অভ্যন্তরীণ সড়কে কিছু শ্রমিককে চলাচল করতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত পুরো গাজীপুরে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক ছিল।
উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। এ সময় বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ সদস্য ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের গাড়ি, অন্যান্য যানবাহন এবং কয়েকটি কারখানার গুদামে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
চলমান পরিস্থিতিতে নতুন করে সহিংসতা এড়াতে শিল্পাঞ্চলজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।






















