মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে সাজেদা বেগম (৪০) নামের এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে এ জরিমানা করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নালী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নালী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি ধসে পড়ার ঝুঁকি তৈরি হয় । গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে ঘিওর উপজেলা ভূমি কার্যালয়ের ক্রেডিট চেকিং সায়রাত সহকারী এস এম আনোয়ার হোসেন সুমন ও ঘিওর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনে পরিবেশ ও স্থানীয় অবকাঠামোর ক্ষতির কবল থেকে জনস্বার্থ রক্ষা, পরিবেশ সংরক্ষণ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে । অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।






















