চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বসবাসের মেস ও কটেজ এলাকায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা, মশা নিধন এবং এডিস মশার বংশবিস্তার রোধে অভিযান চালানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও শাহজালাল হলের সামনের কটেজ এবং সোহরাওয়ার্দী হলের পেছনের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এতে সহযোগিতা করে ফতেহপুর ইউনিয়ন পরিষদ। দেশের অন্যতম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আশপাশের কটেজ ও ভাড়াবাসায় বসবাস করেন। বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের আবাসিক এলাকাগুলোতে পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় মশার উপদ্রব বেড়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়সংলগ্ন শিক্ষার্থীদের আবাসিক এলাকায় এডিস মশা নিধনে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে কটেজগুলো ঘনবসতিপূর্ণ ও ঘিঞ্জি পরিবেশে অবস্থিত হওয়ায় সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি।
এ কারণে সেখানে অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখা হবে। ’ তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বসবাসের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে বিশেষভাবে নজর দিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।





















