ব্যস্ত জীবনে স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, কাজেরও গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসায়ী, উদ্যোক্তা কিংবা পেশাজীবীদের অনেক কাজই নির্ভর করে ফোন সচল থাকার ওপর। তাই দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ দেওয়ার সক্ষমতা অনেক ব্যবহারকারীর কাছেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এই বিষয়টি সামনে রেখে ‘পাওয়ার লং, গ্রো অন’ ধারণায় নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে ভিভো। ফোনটির অন্যতম বৈশিষ্ট্য হিসেবে থাকছে ৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি।
নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, বড় সক্ষমতার এই ব্যাটারি ব্যবহারকারীদের দীর্ঘ সময় ফোন ব্যবহারের সুযোগ দেবে। ফলে দিনের ব্যস্ততার মধ্যে বারবার চার্জ দেওয়ার প্রয়োজন কমবে। কল, মেসেজ, অনলাইন যোগাযোগ, নেভিগেশনসহ দৈনন্দিন বিভিন্ন কাজে ফোনটি দীর্ঘ সময় সচল রাখার লক্ষ্যেই এই ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ভিভো জানিয়েছে, বাংলাদেশের মতো উষ্ণ আবহাওয়ার কথা বিবেচনায় রেখেও ফোনটি তৈরি করা হয়েছে। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ফোনটি স্থিতিশীলভাবে ব্যবহারের উপযোগী বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।
ব্যাটারির পাশাপাশি ফোনটির নকশাতেও গুরুত্ব দেওয়া হয়েছে। ভিভো ওয়াই৩২-এর টুইলাইট রেড রঙের সংস্করণে থাকছে ধাতব ফিনিশের ক্যামেরা নকশা। সঙ্গে রয়েছে ডাইনামিক লাইট, যা বিভিন্ন কোণ থেকে আলো প্রতিফলিত করে ফোনটির নকশায় ভিন্নতা তৈরি করবে।
ভিভোর পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও নকশার সমন্বয়ে ভিভো ওয়াই৩২ দৈনন্দিন ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। স্মার্টফোনটি শিগগিরই বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।





















