ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ মো. সুজন (৪৬) নামের একজন কয়েদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে ওই কয়েদি কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারারক্ষী আল-আমিন জানান, মো. সুজনের কয়েদি নম্বর ৬৩১৬/এ, মামলা নম্বর ৫২৯৫/২৬ (সিআর)। তিনি কিশোরগঞ্জের নিকলী উপজেলার গোড়ই এলাকার সিরাজ মিয়ার ছেলে। কেন্দ্রীয় কারাগারে বুকে ব্যথা অনুভব করলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






















