মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঝাড়ু মিছিল করেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মধ্যেরচর সাহেবরামপুর গ্রামের পাঁচ বছর বয়সী এক শিশুকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের হাবুল শিকদার (৫৫) ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি এলাকায় জানাজানি হলে হাবুল শিকদার আত্মগোপনে চলে যান। অভিযোগ রয়েছে, পরে বিষয়টি আপস-মীমাংসা করার এবং থানায় মামলা না করার জন্য বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে চাপ দিতে থাকেন হাবুল শিকদার। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার সন্ধ্যায় গ্রামের প্রায় ৫০০ মানুষ ভুক্তভোগী পরিবারের সঙ্গে নিয়ে অভিযুক্তের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন।
মিছিল শেষে বিক্ষুব্ধ লোকজন হাবুল শিকদারের বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে জানা গেছে। ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘হাবুল শিকদার আমার শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেছেন। আমি বিচার চেয়েও বিচার পাইনি। এ কারণে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী হাবুলের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। ’ থানায় অভিযোগ দিতে দেরি হওয়ার কারণ হিসেবে তিনি জানান, তিনি সিলেটে থাকেন।
অভিযুক্ত হাবুল শিকদার ও তার পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। এ কারণে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।






















