নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্য দিবালোকে একটি স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাত দল দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দোকানে প্রবেশ করে মারধর করে দোকানে থাকা ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্ধুকে ড্রয়ারে রাখা প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ২ থেকে ৩ শত ভরি রুপা লুট করে নিয়ে যায়।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার ১নং ঢাকেরশ্বরী বাজারস্থ দেবাশীষ ঢালীর দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে ডাকাতির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে তা ভাইরাল হয়।
এ ব্যাপারে স্বর্ণের দোকানের মালিক দেবাশীষ ঢালী জানান, শুক্রবার দুপুরে সাড়ে ১২টার সময় ১০–১২ জনের একটি ডাকাত দল হঠাৎ আমার দোকানে প্রবেশ করে। পরে ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে ভয় দেখিয়ে আমাকে বেদম মারধর করে দোকানে থাকা কাস্টমারের কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্ধুকে ড্রয়ারে রাখা আর‌ও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ২–৩ শত ভরি রুপা লুট করে নিয়ে যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তার নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না। লুণ্ঠিত মালামার উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।



















