গাজীপুরে কালিয়াকৈরে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রমে নেমেছে কালিয়াকৈর পৌরসভা। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ কার্যক্রম উদ্বোধন করেন গাজীপুর স্থানীয় সরকার কার্যালয়ের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন, পৌরসভা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন। বিডি ক্লিনের স্বেচ্ছাসেবক, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা এতে অংশ নেন। এ সময় চন্দ্রা মোড় ও আশেপাশের এলাকায় জমে থাকা গৃহবর্জ্য ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এলাকাটিকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে উল্লেখ করে স্থানীয় সরকার দপ্তরের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে এলাকার মানুষকেও সচেতন হতে হবে।


















