দেশের ওপর থাকা স্থল নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে। এর ফলে আগামী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে এবং একই সাথে দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৬ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, রোববার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় এবং বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় সারা দেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে।
সোমবারও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।



















