চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ও বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়নকে ঘিরে মাদকবিরোধী কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। মাদক নির্মূলে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছেন পটিয়া ও বোয়ালখালী থানার দুই অফিসার ইনচার্জ (ওসি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কেলিশহর ইউনিয়নের মৌলভীবাজার এলাকার স্থানীয় স্কুল মাঠে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিতে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান মন্নানের সভাপতিত্বে এবং পটিয়া কেলিশহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম ও আবুল বশর চৌধুরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পটিয়া থানার ওসি জিয়াউল হক ও বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন। এ সময় কেলিশহর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল আলম, করলডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলাইমান বাদল, শাহ আলম, আবুল বশর চৌধুরী, জসিম উদ্দিন মেম্বার, সাদ্দাম হোসেন মেম্বার, মহিদুল আলম জিকু, রহমত উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, “পটিয়ায় মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিদিন আমাদের অভিযান চলমান রয়েছে। শুধু কেলিশহর ইউনিয়ন নয়, পুরো পটিয়াজুড়ে আমাদের নজরদারি রয়েছে। মাদকের সঙ্গে কোনো আপস চলবে না। ” বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, “মাদকবিরোধী অভিযান চলাকালে যেন কোনো ধরনের সুপারিশ করা না হয়।
মাদকের সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। ” বক্তারা বলেন, মাদকের কারণে কেলিশহর ও করলডেঙ্গাসহ দুই উপজেলার তরুণ ও যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে অনেকে নিঃস্ব হচ্ছেন। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে প্রশাসনকে সহযোগিতা করলে এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে মাদক নির্মূল করা সম্ভব।



















