জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ৩৪তম তলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ এই বৈঠকে অংশ নেন।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই সরকারপ্রধান। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়। দুই প্রধানমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা। বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
পাকিস্তানের সরকারি তথ্য অনুযায়ী, বৈঠকে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগসহ পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও জোরদারের বিষয়ে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি এবং বহুপক্ষীয় ফোরামে, বিশেষ করে জাতিসংঘে, পারস্পরিক সমন্বয়ের গুরুত্ব নিয়েও আলোচনা হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের সরকারপ্রধানের এই বৈঠক বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের বিভিন্ন বিষয়ে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি সামনে এনেছে।


















