জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে গিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ২৭ তলায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং উভয় পক্ষের স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যুও আলোচনায় স্থান পায়। বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ এবং রোহিঙ্গা সংকটের টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অবদানের বিষয়েও মতবিনিময় করেন দুই নেতা।
তারেক রহমান বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জাতিসংঘের সহযোগিতা ও সমর্থনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বহুপাক্ষিক আন্তর্জাতিক ব্যবস্থা আরও কার্যকর করা, দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং শান্তি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে, বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতাপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন আন্তোনিও গুতেরেস।
বৈঠক শেষে অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতেও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান দুই পক্ষ।



















