লাওস ও ব্রুনেইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ফিফা আসিয়ান কাপ। তবে এটি ডিভিশন-২ বা চ্যালেঞ্জ ডিভিশনের ম্যাচ। আর ডিভিশন-১ বা প্রিমিয়ার ডিভিশনের উদ্বোধন হবে আগামীকাল শুক্রবার। এই অংশের উদ্বোধনী ম্যাচে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল বিকেল ৩টায় মালয়েশিয়ার মুখোমুখি হবেন হামজা চৌধুরী, শমিত সোম ও জামাল ভূঁইয়ারা।
এটা আগে থেকেই নির্ধারিত যে, প্রথমবারের মতো আয়োজিত ১৪ দলের ফিফা আসিয়ান কাপ দুটি ডিভিশনে হবে। এর মধ্যে বাংলাদেশসহ ৮টি দল আছে ডিভিশন-১ বা প্রিমিয়ার ডিভিশনে। এই ৮ দল দুটি গ্রুপে ভাগ হয়ে নিজেদের মধ্যে ম্যাচ খেলবে। সেখানে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া।
আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১ অক্টোবর গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবেন থমাস ডুলির শিষ্যরা। প্রথম দুটি ম্যাচ বিকেল ৩টায় শুরু হলেও শেষ ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টায়।
এবারের আসিয়ান কাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে দেশীয় সম্প্রচারমাধ্যম টি-স্পোর্টসে। এছাড়া অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতেও নির্ধারিত সাবস্ক্রিপশনের বিনিময়ে ম্যাচ দেখা যাবে।




















