জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত রাজশাহী মহানগরীর অলকার মোড়স্থ পিজ্জাস রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, রাজশাহী জেলা আহ্বায়ক এম. এ. সবুর, সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু, যুগ্ম আহ্বায়ক জিয়া উর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ মখদুম মিলন, মোরশেদসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি, রাজশাহীর বিভিন্ন নাগরিক সমস্যা এবং এনসিপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন সভায় মূল বক্তব্য দেন। তিনি সংবিধান সংস্কার পরিষদ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সারসংক্রান্ত সমস্যা, শিশু নিখোঁজ ও জননিরাপত্তা, মাদকের বিস্তার, দখল-লুটপাট, রাজশাহীর ছাত্রসংগঠন, স্থানীয় সরকার নির্বাচন এবং এনসিপির সাংগঠনিক বিস্তারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। এসব ক্ষেত্রে কার্যকর উদ্যোগ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
রাজশাহী জেলা আহ্বায়ক এম. এ. সবুর রাজশাহীর উন্নয়ন, নাগরিক সমস্যা ও জনদুর্ভোগের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি স্থানীয় মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। জেলা সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, স্থানীয় সমস্যা ও জনগণের প্রত্যাশা জাতীয় পর্যায়ে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা রাজশাহীর বিভিন্ন নাগরিক সমস্যা, জনদুর্ভোগ ও স্থানীয় পর্যায়ের নানা বিষয় তুলে ধরেন। এনসিপির নেতৃবৃন্দ এসব বিষয়ে দলীয়ভাবে জনস্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় রাজশাহীর সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দল, গণমাধ্যম ও নাগরিক সমাজের মধ্যে কার্যকর যোগাযোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।





















