সিডনির বাংলা গানের শ্রোতাদের জন্য শনিবারের সন্ধ্যাটি হতে যাচ্ছে বিশেষ অন্যরকম সন্ধ্যা। বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা এবং অস্ট্রেলিয়াপ্রবাসী শিল্পী অমিয়া মতিন একই মঞ্চে গান শোনাবেন।
সিডনিবাসী-বাংলার ২৫ বছর পূর্তি উপলক্ষে ২৬ সেপ্টেম্বর হার্স্টভিল সিভিক থিয়েটারে বসছে এই সংগীতসন্ধ্যা। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির খবর, বাংলা ভাষা, সংস্কৃতি ও প্রবাসজীবনের নানা দিক তুলে ধরে আসা সিডনিবাসী-বাংলার রজতজয়ন্তী উপলক্ষে এবারের আয়োজন সাজানো হয়েছে ব্যাতিক্রমি সংগীত সন্ধ্যাকে ঘিরে। সন্ধ্যার মূল আকর্ষণ ফাতেমা তুজ জোহরা।
যার রয়েছে নজরুলসংগীতের পাশাপাশি আধুনিক গানেও তার দীর্ঘ পথচলা রয়েছে। মঞ্চ ও টেলিভিশনে গান পরিবেশনের পাশাপাশি অভিনয় ও লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। নজরুল সংগীতে দীর্ঘদিনের কাজের জন্য নজরুল পুরস্কারও পেয়েছেন তিনি তার সঙ্গে মঞ্চে থাকবেন অমিয়া মতিন।
শৈশব থেকেই সংগীতচর্চায় যুক্ত অমিয়া ঢাকার নজরুল পরিষদ মিউজিক স্কুল এবং কলিম শরাফীর সংগীত ভবনে তালিম নেন। তার সংগীত শিক্ষকদের মধ্যে ছিলেন ফাতেমা তুজ জোহরাও। পরে নরওয়ে, জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গান পরিবেশন করেন তিনি। ১৯৯৬ সাল থেকে সিডনিতে বসবাস করছেন অমিয়া। ১৯৯৫ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘যেতে যেতে কিছু কথা’।
পরে প্রকাশিত হয় নজরুল সংগীতের অ্যালবাম ‘ভোরের কুন্দকলি’ ও আধুনিক গানের অ্যালবাম ‘যত ভাবনা ছিল’। সিডনির বাংলা সাংস্কৃতিক অঙ্গনেও দীর্ঘদিন ধরে নিয়মিত গান করে আসছেন অমিয়া। ২০২৪ সালে প্রয়াত রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদকে স্মরণ করে তার একক সংগীতসন্ধ্যা ‘তুমি রবে নীরবে’ অনুষ্ঠিত হয় হার্স্টভিল সিভিক থিয়েটারে।
শনিবারের আয়োজনে আরও থাকছেন, সংগীতচর্চার সঙ্গেও যুক্ত থাকা প্রবাসী কমিউনিটি ব্যাক্তিত্ব ড. আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে গিটারে থাকবেন সোহেল খান, তবলায় অভিজিৎ দান, অক্টোপ্যাডে শাহরিয়ার এবং কিবোর্ডে নীলাদ্রি বলে জানিয়েছেন আয়োজকরা। সিডনিবাসী-বাংলার সম্পাদক প্রকৌশলী আবদুল মতিন বলেন, ২৫ বছর পূর্তি আমাদের জন্য আনন্দের একটি উপলক্ষ।
এত বছর ধরে প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও কমিউনিটির নানা বিষয় তুলে ধরতে গিয়ে পাঠক, লেখক, শিল্পী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা পেয়েছি। তাদের সেই সমর্থনই আমাদের পথচলার শক্তি। তিনি বলেন, রজতজয়ন্তীর এই আয়োজন আমরা সংগীতের মাধ্যমে উদযাপন করতে চেয়েছি। ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিনের মতো শিল্পীদের একই মঞ্চে পেয়ে আমরা আনন্দিত। আশা করছি, অনুষ্ঠানটি সিডনির বাংলা ভাষাভাষী মানুষের সুন্দর এক মিলনমেলায় পরিণত হবে।
হার্স্টভিল সিভিক থিয়েটারে সন্ধ্যা ছয়টায় দর্শকদের জন্য দরজা খুলবে। মূল অনুষ্ঠান শুরু হবে সাড়ে ছয়টায়। টিকিট দেশি ইভেন্টসের মাধ্যমে সংগ্রহ করা যাবে।


















