বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জয়পুরহাটের ক্ষেতলাল থানার মনজাল গ্রামের রায়েজিত (২২), দুপচাঁচিয়া উপজেলার বড়ধাপ গ্রামের মৃত দিলবরের ছেলে নূর ইসলাম (৩৭) এবং একই গ্রামের মৃত আনসারের ছেলে শহিদুল ইসলাম (২৮)। অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে রায়েজিতকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, নূর ইসলামকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং শহিদুল ইসলামকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, মাদকের বিস্তার রোধ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















