ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ২৬টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এসব অভিযান চালানো হয়েছে বলে হুথি নেতাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
হুথি নেতাদের দাবি, গত কয়েক দিনে ইয়েমেনের তাদের নিয়ন্ত্রিত অঞ্চল এবং সামরিক ও লজিস্টিক স্থাপনাগুলোতে সৌদি বিমান হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাদের তথ্য অনুযায়ী, ১১ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে সৌদি বিমান বাহিনী প্রায় ৩০০টি অভিযান পরিচালনা করেছে। এর আগে ১৬ সেপ্টেম্বর বুধবার সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে হুথি বাহিনী।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত বিমানটির একটি ভিডিও প্রকাশ করে তারা। ভিডিওতে হুথি যোদ্ধাদের ভূপাতিত যুদ্ধবিমানটির চারপাশে দাঁড়িয়ে উল্লাস করতে দেখা যায়। আগস্টের শেষ সপ্তাহ থেকে সৌদি আরব ও হুথি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। এর আগে হুথিরা কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সৌদি আরবের জ্বালানি খাতে ক্ষয়ক্ষতি করার দাবি করে।
এরপর ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন সাগরের সংযোগস্থল বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে হুথিরা। বাব এল-মান্দেব প্রণালি সৌদি আরবের জন্য গুরুত্বপূর্ণ একটি নৌপথ। কারণ, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরব এতদিন এই পথ ব্যবহার করে বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি করে আসছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হুথিরা ইয়েমেনের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী যায়িদি শিয়া সম্প্রদায়ের একটি সশস্ত্র গোষ্ঠী। ২০১৫ সাল থেকে উত্তর ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে রয়েছে। পুরো ইয়েমেনের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য রয়েছে গোষ্ঠীটির। এ ক্ষেত্রে তাদের অন্যতম প্রধান প্রতিপক্ষ সৌদি আরব এবং সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী।




















