চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল বের করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফৌজদারহাট লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রুবেল আফ্রাদ জানান, সন্ধ্যায় ফৌজদারহাট লিংক রোড এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় ছয়জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান। তিনি জানান, আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।



















