সিরাজগঞ্জের তাড়াশ পৌর সদরের বাজারের গণশৌচাগারটি প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে। এর ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও দূর-দূরান্ত থেকে আসা ক্রেতারা। বিশেষ করে নারী ক্রেতাদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
জরুরি প্রয়োজনে গণশৌচাগার ব্যবহার করতে না পেরে অনেকেই পড়ছেন বিব্রতকর পরিস্থিতিতে। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শৌচাগারটিতে তালা ঝুলছে। ফলে প্রয়োজনের সময় অনেককে আশপাশের বাসাবাড়িতে যেতে হচ্ছে। এতে একদিকে যেমন বাসাবাড়ির লোকজন বিরক্ত হচ্ছেন, অন্যদিকে নারীরাও অন্যের বাড়িতে শৌচাগার ব্যবহারে অস্বস্তিতে পড়ছেন।
গণশৌচাগারটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঠিকাদার মংলা জানান, শৌচাগারটির সেপটিক হাউস ভরে গেছে। এটি পরিষ্কার করতে বেশকিছু টাকা খরচ হয়। কিন্তু প্রয়োজনীয় টাকা না পাওয়ায় তিনি বাধ্য হয়ে শৌচাগারটি বন্ধ করে রেখেছেন। এ ছাড়া শৌচাগার ব্যবহারের ক্ষেত্রে অনেকে নিয়ম না মানায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাও কঠিন হয়ে পড়ে। এ বিষয়ে তাড়াশ পৌর বাজার কমিটির সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বলেন, বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রয়োজনীয় কিছু টাকা সংগ্রহ করতে বলা হয়েছে।
অবশিষ্ট যে টাকা প্রয়োজন হবে, তা দেওয়ার ব্যবস্থা করা হবে। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, গণশৌচাগারটি বন্ধ থাকার বিষয়টি তিনি অবগত হয়েছেন। বিষয়টি জানার পর পৌর প্রশাসককে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। যত দ্রুত সম্ভব কাজটি সম্পন্ন করে গণশৌচাগারটি চালু করা হবে। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের দাবি, দ্রুত গণশৌচাগারটি চালু করে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান করা হোক।



















