মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬।
শুক্রবার বিকেল ৪টায় কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে কলাপাড়া থানা। খেলায় লাল ও নীল দল মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে নীল দল ৪৩ পয়েন্ট এবং লাল দল ২৮ পয়েন্ট অর্জন করে। ফলে ১৫ পয়েন্টের ব্যবধানে নীল দল চ্যাম্পিয়ন হয়। খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম। কলাপাড়া থানার উপপরিদর্শক মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বর ও ক্রীড়াবিদ কল্লোল বিশ্বাস। খেলা দেখতে বিকেল থেকেই উপজেলা প্রশাসন মাঠে দর্শকদের ভিড় জমে। একপর্যায়ে মাঠের চারপাশ দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। প্রতিযোগিতাটি পরিচালনা করেন মো. নিজাম উদ্দিন ও আব্দুল জব্বার তালুকদার।



















