ঢাকা-রংপুর লংমার্চে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি উত্তরবঙ্গের জনগণের দাবি বিবেচনা করেই যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের ধীরগতির অভিযোগ তুলে এটি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।
আজ শুক্রবার ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়ন নিয়ে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
জামায়াত নেতা জানান, রংপুর লংমার্চে ৭ টি জনসভা ও ৫টি পথসভার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের মতই উত্তরবঙ্গ লংমার্চও সফল হবে এবং আগের চেয়ে বেশি সাড়া মিলবে, দাবি করেন তিনি।
১১ দলীয় ঐক্যের লংমার্চে সরকারের সর্বস্তরের সহযোগিতার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। গণতন্ত্র, দেশ ও জাতির স্বার্থে গনতান্ত্রিক আন্দোলনে মানুষের কিছুটা ভোগান্তি হলেও তা জনগণের কল্যাণেই, বলেন পরওয়ার।


















