পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও গৌরব বিবেচনা করে বিদ্যালয়টি অচিরেই সরকারিকরণ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। বুধবার (১৬ সেপ্টেম্বর) পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নিজের সংবর্ধনা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অভিনথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী গাজী মুহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক চন্দন কান্তি নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সদস্য সচিব খোরশেদ আলম, সাবেক মেয়র নুরুল ইসলাম, পটিয়া ক্লাবের সদস্য সচিব মোজাম্মেল হক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম চেয়ারম্যান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাইনুল আলম ছোটন।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, ‘পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি দক্ষিণ চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। এ বিদ্যালয় থেকে অনেক গুণী মানুষ শিক্ষা অর্জন করেছেন। তাঁরা দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
’ তিনি বলেন, সচিব, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশায় এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এনামুল হক এনাম আরও বলেন, ‘পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও গৌরব বিবেচনায় নিয়ে বিদ্যালয়টি অচিরেই সরকারিকরণ করা হবে।


















