রাজশাহী মহানগরীর বালিয়াপুকুর এলাকায় বিএসটিআইর অনুমোদন ছাড়া খাবার পানি উৎপাদন করার দায়ে ‘ফিউচার মিনারেল ওয়াটার’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানটি বিএসটিআইর গুণগত মানসনদ গ্রহণ না করেই অত্যন্ত অস্বাস্থ্যকর ও অনুপযোগী পরিবেশে ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (১৯ লিটার জার পানি)’ উৎপাদন, বিক্রয় ও বিতরণ করে আসছিল। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


















