ঢাকার গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেনকে বুধবার থেকে পুলিশ সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। দাউদ হোসেন গুলশান বিভাগে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে গুলশান মডেল থানার ওসির দায়িত্বে ছিলেন। নতুন আদেশে তাঁর সংযুক্ত কর্মস্থল হিসেবে পুলিশ সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, ডিএমপি, ঢাকা উল্লেখ করা হয়েছে। এর আগে গত শুক্রবার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি মিছিল অনুষ্ঠিত হয়। বিষয়টি গত সোমবার অনুষ্ঠিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আলোচনায় আসে। ওই ঘটনার পরই গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি করার আদেশ দেওয়া হলো।


















