কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থানাধীন ডেইলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল। অভিযানকালে ডেইলপাড়া এলাকার একটি বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা, নগদ ২ হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে আটক করা হয়। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



















