চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মনিরা (৫) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত মনিরা সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তীব্র জ্বর ও শারীরিক দুর্বলতায় ভুগছিল মনিরা। শারীরিক অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার তাকে সীতাকুণ্ড পৌরসদরের মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ডা. ধীমান চৌধুরীর পরামর্শে এনএস১ পরীক্ষা করা হলে ডেঙ্গু শনাক্ত হয়।
অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক মুখে অক্সিজেন সাপোর্ট দিয়ে দ্রুত চমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয় এবং বুধবার আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, শিশুটিকে হাসপাতালে নিতে কিছুটা দেরি হয়েছিল। মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মো. সেলিম উদ্দিন জানান, মনিরা তার মেয়ের সহপাঠী ও পাশের বাড়ির শিশু ছিল।
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডে গত তিন মাস ধরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এর আগে মঙ্গলবার ভাটিয়ারী ইউনিয়নের মীর্জানগর গ্রামের মো. রাফসান নামে এক যুবক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। দুই দিনের ব্যবধানে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যুতে উপজেলায় আতঙ্ক দেখা দিয়েছে। এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি ও রেফার হচ্ছেন।
তবে মনিরার মৃত্যুর বিষয়টি তাকে কেউ জানায়নি।



















