ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় ৫ শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। বুধবারের এই হামলায় গাজা সিটিতে ৬ তলা একটি আবাসিক ভবন ধসে পড়ে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন। রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদন বলছে, ভবনটিতে বাস্তুচ্যুত পরিবারগুলো বসবাস করছিল। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় অন্তত ১ হাজার ৪শ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ না করা পর্যন্ত গাজায় চলমান গণহত্যা শেষ হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ডেলিয়া সি. রামিরেজ।
সামাজিক যোগাযোগমাধ্যমে রামিরেজ তার প্রস্তাবিত ব্লক দ্য বম্বস অ্যাক্ট পাস করার আহ্বান জানান। এই বিলের লক্ষ্য ইসরায়েলে অস্ত্র পাঠানোর ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা।




















