নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তারাব পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তারাব উত্তরপাড়া এলাকার ঝর্ণা মহলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— নাজমুল হোসেন (৩০), মো. নিহাদ (২১), সাজ্জাদ (২০) ও সফিকুল (২৪)।
পুলিশ জানায়, নাজমুল ও নিহাদ একটি গ্রুপের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকেই বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, তারাবো বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
ওই ঘটনায় পুলিশ প্রথমে ছয়জনকে গ্রেপ্তার করে। তিনি বলেন, নারায়ণগঞ্জে যোগদানের পর আজ দুপুরে আমি নিজে সার্কেল এসপি ও ওসিকে সঙ্গে নিয়ে তারাবো এলাকার একটি বস্তিতে অভিযান পরিচালনা করি। অভিযানের সময় হাবিব গ্রুপের প্রধানের ছেলে নাজমুল ও নিহাদকে একই মোটরসাইকেল থেকে অস্ত্রসহ আটক করা হয়। পুলিশ সুপার আরও জানান, আগের দিনের সংঘর্ষে আহত দুইজনকেও গ্রেপ্তার করা হয়েছে।
সন্ত্রাসীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জে সন্ত্রাসী কার্যক্রমের কোনো স্থান হবে না। সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত প্রতিদিন অভিযান চলবে, যাতে রূপগঞ্জ ও তারাবোর মানুষ শান্তিতে বসবাস করতে পারে। এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
















