চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। অভিযানকালে নিজ বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে এবং পরিবারের সহায়তায় পালিয়ে যান তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধর এবং অধ্যক্ষকে ভিডিও কলে রেখে নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার ২ নম্বর আসামি বগা। তাকে গ্রেপ্তারে অভিযানে গেলে অনুসারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল সদৃশ বস্তু ছোড়ে।
এসময় খুলশী থানার ওসির সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় ওসি মোহাম্মদ আবদুর রহিমসহ অন্তত ৬ পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ আত্মরক্ষার্থে ৩-৪টি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযানকালে ওয়্যারলেস কলোনিতে তার নিজ বাসায় তল্লাশি চালিয়ে ভেতরে একটি গোপন সুড়ঙ্গপথের সন্ধান পায় পুলিশ। পুলিশের দাবি, অভিযানের খবর পেয়ে ওই সুড়ঙ্গ পথ দিয়ে আগেই সটকে পড়েন বগা।
এসময় মোবাইল ফোনে ও ভিডিও কলে পুলিশকে হুমকি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন তিনি। খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, শিক্ষককে মারধরের মামলা ছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র মামলার ওয়ারেন্ট রয়েছে। নিয়মিত মামলার ভিত্তিতেই আমরা অভিযানে যাই। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বগাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
জানা গেছে, ওয়াকিল হোসেন বগা ওয়্যারলেস কলোনির মোহাম্মদ জাবেদের ছেলে। দীর্ঘদিন ধরে খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক, দখলবাজিসহ নানা অপরাধে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। গত ৮ জুন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।


















