গ্যাস সরবরাহের দাবিতে টঙ্গী-সিলেট মহাসড়কের নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল নাজমুল সিএনজি ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালকরা। এতে দীর্ঘ ৪ ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টা থেকে এই অবরোধ করে বিক্ষুব্ধ চালকরা। চালক রিফাত, সাইমন ও রিয়াজ জানান, পাঁচদোনা থেকে টঙ্গী মহাসড়কের মধ্যে ঘোড়াশাল বাইপাস এলাকায় এক মাত্র নাজমুল সিএনজি ফিলিং স্টেশনটিতে গত ২ দিন ধরে অল্প অল্প গ্যাস নিয়ে কোন মতে তাদের আয়ের উৎস চলছিল। কিন্তু দুপুর আড়াইটার পর থেকে পাম্পটিতে একেবারে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে গ্যাস না পেয়ে অনেক চালক ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করে৷ এতে করে পাঁচদোনা টঙ্গী সড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে যান চলাচল বন্ধ থাকে৷ সিএনজি চালক সিদ্দিক মিয়া জানান, নরসিংদীর অন্যান্য সিএনজি স্টেশনে গ্যাস থাকলেও এখানে সকাল থেকে গ্যাস নেই, তাই আমরা সড়ক অবরোধ করেছি। অপর চালক মজনু মিয়া জানায়, প্রতিদিন ৪/৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ৩০/৪০ টাকার গ্যাস নেই। আজ সকাল থেকে গ্যাসই নাই। কি করে চলবো আমরা। পরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ উপস্থিত হয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিলে চালকরা সড়ক অবরোধ তুলে নেয়।

















