ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যাওয়া একটি মাছ ধরার নৌকা থেকে দুই জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার ৩১ আগস্ট সকাল ১০টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌকাডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড স্টেশন ইলিশার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানে নৌকায় থাকা দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হয়। পরে ডুবে যাওয়া নৌকাটিও উদ্ধার করে জেলেদের সঙ্গে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, নদীপথে দুর্ঘটনায় জরুরি উদ্ধার কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

















