কুয়াকাটার আলীপুর-মহীপুর মৎস্যবন্দরে ৮০ মণ ইলিশ নিলামের মাধ্যমে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। জানা গেছে, এফবি আব্দুল্লাহ নামের ট্রলারটি বাদশা মাঝির নেতৃত্বে ১৮ জেলেকে নিয়ে চার দিন আগে সাগরে যাত্রা করে।
গত বুধবার পায়রা বন্দরের শেষ বয়ার কাছাকাছি এলাকায় জেলেদের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে। পরে আলীপুর মৎস্যবন্দরের সিফাত ফিশে নিয়ে নিলামের মাধ্যমে মাছগুলো ২০ লাখ টাকায় বিক্রি হয়। মাঝি বাদশা বলেন, দীর্ঘদিন ধরে সাগরে ইলিশের দেখা পাচ্ছিলাম না। হঠাৎ ৮০-৯০ মণ ইলিশ ধরা পড়ে। তবে মাছগুলো তুলনামূলক ছোট। সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরে বেশ কিছুদিন ইলিশের খরা চলছিল। বর্তমানে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টি হলে আরও বেশি ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।
















