বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-তে ফল-২০২৬ সেমিস্টারের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ হিল রাকিব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির, স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) সভাপতি মো. শাহরিয়ার এবং বিইউএফটির সাবেক শিক্ষার্থী ও মার্কস অ্যান্ড স্পেনসারের সাবেক হেড অব রিজিয়ন স্বপ্না ভৌমিক।
এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ এবং শিক্ষার্থী কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. অলীউল আলম। বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সর্বোচ্চ সদ্ব্যবহার করার আহ্বান জানিয়ে বলেন, একাডেমিক জ্ঞানের পাশাপাশি পেশাগত দক্ষতা, সৃজনশীলতা, নেতৃত্ব ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে ভবিষ্যতের ফ্যাশন, টেক্সটাইল, ব্যবসা ও প্রযুক্তি খাতের পরিবর্তিত চাহিদার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানে একজন বর্তমান ও একজন নবাগত শিক্ষার্থী তাঁদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পাশাপাশি স্নোটেক্স গ্রুপের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়, যা পরিবেশ সচেতনতার বার্তা বহন করে। অনুষ্ঠানের শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সেবা নিয়ে একটি কারিগরি ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়। এতে ডিন কার্যালয়, শিক্ষার্থী কল্যাণ বিভাগ, জনসংযোগ বিভাগ, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর, হিসাব বিভাগ, আইটি, লাইব্রেরি, লজিস্টিকস ও প্রক্টর কার্যালয়ের কার্যক্রম সম্পর্কে নবীন শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
















