রাজশাহীর চারঘাটে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থাকার বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন রাজশাহী-۶ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
সোমবার (২৪ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হাজ্বী আব্দুস সাত্তার প্রামানিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সুশিক্ষা অর্জন এবং মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার কোনো বিকল্প নেই।
“শিক্ষাই জাতির মেরুদণ্ড”—এই বিশ্বাস হৃদয়ে ধারণ করে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি আরও বলেন, গত ১৭ বছরে শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছিল। অনেক শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগ হারিয়ে বিপথগামী হয়েছে। বর্তমান সরকার সেই শিক্ষাবান্ধব পরিবেশ পুনরুদ্ধারে কাজ করছে। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, সঠিক সময়ে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত না হলে হাজিরা খাতায় স্বাক্ষর বন্ধ করতে হবে।
সবাইকে সময়মতো বিদ্যালয়ে আসতে হবে, নইলে চাকরি থাকবে না। অনুষ্ঠান শেষে জিপিএ-৫ অর্জনকারী ২০৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
এ সময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সহসভাপতি শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, হাজ্বী আব্দুস সাত্তার প্রামানিক ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল হাসান অলিভ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।



















