কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশা ও মাছবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের বাহারাম খান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কাগারচর-মঠখোলা এলাকার নুরু মিয়া (৬০) ও তার স্ত্রী আনোয়ার খাতুন (৫৫)। নুরু মিয়া মৃত মোহাম্মদ আলীর ছেলে এবং আনোয়ার খাতুন আব্দুল ওয়াহাবের মেয়ে। দুর্ঘটনায় আহতরা হলেন মাজিয়া (৩৫), মাহিন (১৭), জাহাঙ্গীর (৩৫) ও অটোরিকশাচালক। আহতদের মধ্যে মাজিয়া নিহত নুরু মিয়ার মেয়ে বলে জানা গেছে। আহত সবার বাড়ি কাগারচর-মঠখোলা এলাকায়। স্থানীয়রা জানান, বিকেলে বাহারাম খান এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নুরু মিয়া ও তার স্ত্রী আনোয়ার খাতুনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর উদ্যোগ নেয়। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















